হৃদয় নিনাদ
মনিরা ইসলাম
---------------------------------
তুমি কি শুনেছ কভু আকাশনীলিম
হৃদয় নিনাদ
তুমি কি দেখেছ কভু সুপ্তিমধুর
প্রেম প্রতিঘাত
তুমি কি শুনেছ কভু হৃদয়
ভাঙার শব্দ প্রবাদ?
তুমি কি দেখেছ পরাজিত হতে
কবিতার শ্লোক
তুমি কি দেখেছ খসে পরা তারাদের
গতিপথ
কিংবা শুনেছ কি বিরহী রাতের
কষ্ট প্রলাপ?
হয়তো শোননি,আমি কিন্তু শুনেছি
দেখেছি কষ্টের লাল নীল দহন
কবিতার শরীর জুড়ে আঘাতের
চিহ্ন।
কেউ যখন বুঝেনি আমায়
কবিতা আমায় নিয়েছে তুলে
কষ্টের বর্ণে বর্ণে হয়েছি
চাষ
আবাদ করেছি প্রলয় নিনাদ।
ভেঙেছি বহুবার, কিন্তু হারিনি
কবিতার প্লটে চন্দ্রবিন্দুর
মতো কষ্ট এঁকেছি
হেঁটেছি যন্ত্রণার ছায়াপথ
ধরে
আঙুলে আঙুল ছোঁয়ার দূরত্বকেও
মনে হয়েছে তুমি আলোকবর্ষ
দূরে।
বুঝতেই পারনি তুমি কতটা
কষ্ট লুকিয়ে
হাসিটা বাঁচিয়ে রেখেছি মুখে।
বুঝতেই পারনি তোমার একেক
টা গল্প
আমাকে কতটা নীল করে দিত
কতটা রক্তাক্ত হতো পাঁজর।
নিশ্বাস যখন বন্ধ হয়ে আসতো
কবিতারা আমায় বাঁচিয়ে দিত।
আকাশনীলিম হৃদয় তখন ভাঙনের
সুর শুনতো
আমি আনমনে ছেড়া সুতোর মতো
বর্ণমালা গুলো কে জোড়াতাম।
ভীষণ অভিমান টাও বোঝনি যখন
আঁধারের মাঝে মুখ লুকোতাম।
বোঝনি কভু বর্ণমালার কষ্ট
প্রলাপ
শোননি কভু আকাশনীলিম হৃদয়
নিনাদ।।
---------------------------------
রচনা কালঃ ২০/০১/২০২২
সিরাজগঞ্জ।
