শুভক্ষণ
ফরিদা ইয়াসমীন নার্গিস
❑
খোকনসোনা বেজায় খুশি
ফুটল মুখে মধুর হাসি
স্কুলেতে যাবে,
সহপাঠীর পাবে দেখা
শিখবে পড়া শিখবে লেখা
দারুণ মজা পাবে।
ইউফরমটা গায়ে দিয়ে
পিঠের ওপর ব্যাগটা নিয়ে
চলল দ্রুত পায়ে,
আর দুটো ভাত খা না বাবা
কার কথা আর শুনছে কে বা
ডাকুক যতই মায়ে।
না হোক বসা পাশাপাশি
তবু হবে হাসাহাসি
হবে প্রাণের মেলা,
ঘরে থাকা আর কত যায়?
আড্ডা, গল্প করবে সেথায়
না হোক মাঠে খেলা।
স্কুলের ঐ বসার আসন
স্যারের মিঠে আদর শাসন
খুঁজছে ব্যাকুল মন,
দেখবে কখন সেই পতাকা
মাঝখানে লাল সূর্য আঁকা
আসবে শুভক্ষণ।

