একটি নীড়ের গল্প
মমতা পাল
রোদ ডেকে কয় আকাশকে,
শোননা তোর সাথে কথা আছে,
অপেক্ষা করিস, ভুলে যাসনে যেন।
আকাশ বলল,সময় মতো আসিস তবে।
যেমন কথা, তেমন কাজ।
বসলো দু'জন মুখোমুখি।
রোদ বলল,তোর এই লুকোচুরি খেলা
ভাল্লাগেনা মোটেও।
এই যে কখনও মেঘে ঢাকা
আবার আলোর রোশনাই।
আচ্ছা এমন কেন করিস?
বলতে পারিস কাকে তুই এমন করে কষ্ট দিস?
সে যে তোর আপনজনা
তোকে ছাড়া তার যে জীবন
বড়ই অর্থহীন।
কাকে তুই দূরে রাখিস?
হাজার মরুর দহনশেষে
যে তোর বুকে আশ্রয় খোঁজে।
শত আশার ভাষা নিয়ে
মনের ঘরে ফাগুন খোঁজে।
তোর পানে যে চেয়ে থাকে
বিরহী এক চাতক সম
একটুখানি আশ্বাস দিলে
কিইবা তোর ক্ষতি বল?
যতই তুই এড়িয়ে চলিস
তোকে ছাড়া সে যে একা।
আকাশ বলল,ঠিক আছে আর দেবনা কষ্ট তোকে।
হাজার রকম স্বপ্ন নিয়ে
আমার বুকে তুই লুকোবি।
এক পৃথিবী আলো দেব,
রঙিন ঠোঁটের ছোঁয়া দেব,
মনের ভাঁজে সবুজ হাওয়ায়
শিরশিরানি দোলা দেব।
আলোর হাওয়ায় দু'জন মিলে
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো নতুন করে খুঁজব।
রোদ বলল,এক পৃথিবী স্নিগ্ধধারা
আমার হাতে রইল বাঁধা।
শুধু থাকিস আমার পাশে
মন খারাপের দিনগুলোতে
মিষ্টি মুখে যত্ন করে
একটু ভালোবাসিস।
অভিমানের কান্নাগুলো
দূর হয়ে যাক চিরতরে।
তোর বুকের ঐ নীল ছোঁয়াতে
হেসে উঠুক আমার বাড়ি
থমকে থাকা চাপা কান্নায়
তোর সাথে আর নেই যে আড়ি।
