কেন এতো নীল
মনিরা ইসলাম
❑
ও আকাশ তুমি এতো নীল কেন
তোমার বুকেও কি গভীর ক্ষত
পুঞ্জিভূত কষ্ট জমা আমার মতো?
নীলের দহনেই কি তুমি নীলাম্বরী
তাই কি তুমি অধিক শোকে
কালবৈশাখীর সাজে সাজ
বরিষণ হয়ে কষ্ট গুলো ঝেড়ে ফেল?
ও আকাশ তোমার বুকেই পঞ্চমীর চাঁদ
তোমার বুকেই অমানিশি
তোমার নীলেই সুন্দরী তুমি
তোমার নীলেই দহন হও দিবানিশি।
আমিও তো তোমার নীলেই
রাঙিয়ে ছিলাম নিজেকে
সে নীলে যে এতো টা বিষ
সারা অঙ্গ এখন নীলের দহনে নীলাম্বরী।
ও আকাশ কেন তুমি এতো টা নীল
তোমার বুকেও কি কষ্টের পাহাড়
তাই ছুঁতে পার না দিগন্ত খানি?
তোমার ও কি অনন্ত ছুটে চলা আমার মতো
তুমি ও কি ঠিকানা বিহীন চিঠি লেখ
নীল খামে, নীল কালিতে অজানা নামে?
এতো নীল কিভাবে ঢালো
কষ্টের দহনে দ্রবীভূত হও
তবুও নীলকেই আঁকড়ে দাঁড়িয়ে থাক।
আমিও এখন নীলকেই আঁকড়ে ধরেছি
অপেক্ষা শুধু কতটা নীলে নীলাক্ত হতে পারি।
কষ্টের রং কতটা নীল
সে রঙেই রঙিন হব আমি
ও আকাশ তোমার মতোই
নীল কষ্ট বুকে নিয়ে নীলাম্বরী সাজবো আমি।।
❑
(পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ০২/০১/২০২২
