বড্ড অভিমানী তুমি
মনিরা ইসলাম
------------------------------------------------------
বড্ড বেশি অভিমানী তুমি
অকারণ অভিযোগ, মন খারাপ
দুম করে ফোন কেটে দেওয়া
মন্দ নয় বেশ ভালোই লাগে আমার।
তোমার অভিমান গুলো খন্ড খন্ড
ভাসমান মেঘের মতো।
আমি চুপচাপ দেখি আর ভাবি
এখনই বৃষ্টি হয়ে ঝরবে তোমার
আনাড়ি অভিযোগ গুলো
আমি সিক্ত হব সেই বৃষ্টিতে।
তুমি তো আমার অভ্যাসে পরিণত হয়েছ
সকাল টা শুরু হয় তোমার নামে
অলস দুপুর কাটে তোমার অপেক্ষাতে
বিকেল বেলা তোমার অভিযোগে
রাত্রি টা সে না হয় বাদই দিলাম
একটু ঝগড়া খুনসুটি না হলে কি চলে?
বসন্ত বল আর ফাল্গুন বল
তুমি কিন্তু আমার চির বসন্ত।
তোমার অভিমানী কুঞ্চিত ললাট
প্রেম পিয়াসি চোখ, আবেগী ঠোঁট
সবই আমার নখদর্পনে।
দখিনা বাতাসের মতো তোমার অভিমান
আমি বিভোর হই
বুঝতে পারি তোমার অনুরাগ মিশ্রিত প্রেম
কত রাস্তা হেঁটেছি দুজন
রাগে অনুরাগে সিক্ত হয়েছি
বারবারই রাস্তা টা নতুন মনে হয়েছে
তোমাকে বারবারই পেয়েছি নতুন রূপে
যতবার তুমি অভিমান করেছ
আরো আবেগী হয়েছে তোমার প্রেম
তোমার ইচ্ছের কাছে
আমি বারবার হেরে গেছি
আমি মোহাবিষ্ট হয়েছি তোমাতে।
তুমি সত্যিই বড্ড বেশি অভিমানী
তোমার এই অভিমানী মুখটাই
আমাকে বেশি কাছে টানে।
------------------------------------------------------
(পাণ্ডুলিপি সংরক্ষিত)
সিরাজগঞ্জ।
