তোমার আসার প্রতীক্ষাতে মমতা পাল
বুকে আমার ব্যথার পাহাড়
চোখ ভাসে যে জলে
আগুন লাগা ফাগুন কেন
কাঁদায় পলে পলে?
হারিয়ে গেছে কোথায় সেদিন
পাচ্ছিনা তার খোঁজ
এখন তুমি ব্যস্ত ভারী
দেখছি সেটাও রোজ।
যেদিন ফোনে শুনেছিলাম
তোমার গলার স্বর
আমায় আবার কাঁদিয়েছিল
অনেক বছর পর।
বিশ বছরের কষ্টগুলো
সামলে নেওয়ার পরে
তোমায় নিয়ে নতুন করে
বাঁচতে ইচ্ছা করে।
তোমার কথা তোমার হাসি
বদলে দিল মন
এক নিমেষেই বুকের মাঝে
লাগলো শিহরণ।
ভালোবাসার নেশায় আমি
মত্ত ছিলাম খুব
হঠাৎ করেই তুমি যেন
হয়ে গেলে চুপ।
প্রথম যেদিন দেখা হলো
বেশটা মনে পড়ে
মায়াভরা মুখখানিতে
সুখ যে ঝরে পড়ে।
ক্যাম্পাসেতে দাঁড়িয়েছিলাম
তোমার অপেক্ষাতে
নীলাম্বরী শাড়ির সাথে
গোলাপ ছিল মাথে।
চুপটি করে রইলে তুমি
আমার দিকে চেয়ে
আমিও বড্ড খুশি হলাম
তোমায় কাছে পেয়ে।
এমনি করে চলল যেন
দিনের পর দিন
স্রোতের টানে চলল জীবন
কেবল ভাবনাহীন।
হঠাৎ করে কি যে হলো
বদলে গেল সব
তোমার আমার ভালোবাসা
টিকানো অসম্ভব।
আমায় তুমি জানিয়ে দিলে
হাত ছাড়তেই হয়
জীবন হলো রঙিন ঘুড়ি
পাল্টাতে যে হয়।
কাউকে তুমি খুঁজে নিও
মনের মতো করে
ভাবলাম নেহায়েত পাগলামী তাই
বলছ হেয়ালি করে।
একদিন তাই হঠাৎ করে
গেলেই চলে দূরে
নেভার আগে শেষ শিখাটি
পুড়ল হৃদয় জুড়ে।
ঝড় বাদল উপেক্ষা করে
গেলাম তোমার বাড়ি
তুমি তখন বেশ যে আছ
তোমার বোনের বাড়ি।
সেদিন রাতে সবার মাঝে
তোমায় খুঁজেছি
বড্ড তুমি মিথ্যাবাদী
শেষেই বুঝেছি।
তোমার জন্য আজ যে আমার
বড্ড বেশি হয় ঘৃনা
স্বার্থপরের পৃথিবীতে
তুমিই হলে সেই জনা।
তবুও আমি শেষ বিদায়ে
তোমার অপেক্ষায়
যদি আসো একটিবার
চোখ জুড়াবে তায়।
