স্বপ্নগুলো বাঁচুক প্রাণে
মমতা পাল
ভালোবাসার রঙে আজি
রঙিন জগৎময়
বসন্তের ঐ হলুদ ফাগে
মন যে হলুদময়।
মিষ্টি কিছু সুখের ছোঁয়া
স্বপ্ন সুখের আশা
হৃদয়মাঝে শুদ্ধ প্রেমই
বদলে দেয় ভাষা।
যতন করা সুখ পাখিটা
হাত রাখুক ঐ হাতে
ফাগুন মনের গহীন কোণে
ভালোবাসার রাতে।
একমুঠো ঐ বিশ্বাস যেন
থাকে হৃদয় জুড়ে
লুকিয়ে রাখা অভিমান সব
যাকনা অনেক দূরে।
ভরসার ঐ শেষ শিখাটি
জ্বলুক তোমার প্রাণে
জল চিকচিক স্বপ্নগুলো
বাজুক তোমার গানে।
পবিত্র এই বন্ধনে আজ
হৃদয় উঠুক জেগে
কিছু স্বপ্ন কিছু আশা
থাকুক দু' চোখ এঁকে।
