ADS

বাবা মানেই ❑ মমতা পাল

বাবা মানেই

মমতা পাল

 

বাবা মানেই অথৈ সাগরে

    বাড়ানো দু'টি হাত

বুকের পাঁজরে জড়ায়ে ধরে

    কাটানো দুঃখের  রাত।

 

বাবা মানেই চোখের জল

  নিঃশব্দে মোছা

রিক্ত নিঃস্ব  তবুও

  সন্তানের সুখ খোঁজা।

 

বাবা মানেই ছেঁড়া শার্টটি

  বারবার করে পরা

সকল ব্যথা বুকে চেপে

  অভিনয় শুধু করা।

 

বাবা মানেই একটি সকাল

   মধুর ছেলেবেলা

রূপকথা আর গল্পে কাটানো

   মিষ্টি সুখের দোলা।

 

বাবা মানেই সবটুকু সুখ

   রক্তের দামে কেনা

কষ্টগুলো ভাগ করে নিয়ে

   বন্ধুর মতো চলা।

 

বাবা মানেই শ্রান্ত দেহে

   কষ্ট লুকানো হাসি

ঝড় তুফানে রৌদ্র বানে

   সুরক্ষার ঘাঁটি।

 

বাবা মানেই একটি স্বপ্ন

  সুখের কিছু ছোঁয়া

বৈরী হাওয়ায় লড়াই করে

   হারতে হারতে পাওয়া।

 

বাবা মানেই শেষ বিকালে

  হাতটা ধরে হাঁটা

বিশ্বাস আর ভালোবাসায়

   পরম নির্ভরতা।

 

বাবা মানেই গভীর রাতে

   ভালোবাসার দাবী

হাজার হাজার স্বপ্ন সুখে

   মমতারই চাবি।

 

বাবা মানেই শত অপবাদ

   মুখটি বুজে সওয়া

জীবন খাতার প্রতিটা পাতা

    কষ্টের জলে ধোয়া। 

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা