তোমার আগমনে
মনিরা ইসলাম
--------------------------------------------------
দখিনা হাওয়ায় সেদিন অপুর্ব এক মাদকতা ছিল
তোমার আগমনী গান গাইছিল ফুল পাখিরা
ধরার বুকে নেমে এসেছিল যেন বসন্ত
বাতাসে ছিল চন্দনের মৌ মৌ সুগন্ধ।
ঝিরিঝিরি বৃষ্টি দমকা হাওয়ায় এলোমেলো
যখন আমার চুল, তুমি আলতো ছোঁয়ায় সরিয়ে দিলে
হালকা সেই স্পর্শ টুকু আমার এখনো মনে পড়ে।
মনে পড়ে তোমার আগমনে
আমার দু'চোখে দু'ফোটা জল এসেছিল
তোমার চোখেও তখন টলমল সরোবর।
সামলে নিলাম নিজেকে
নিরবতা ভেঙে তুমি বললে প্রতিক্ষার অবসান হলো।
বাতাসে তখনও মিষ্টি একটা সুগন্ধ
আমাকে মোহাবিষ্ট করে তুলছিল।
অকল্পনীয় সুখের নহরে প্লাবিত আমি
একগুচ্ছ গোলাপ তোমার হাতে
তুমি বললে ফিরিয়ে দিও না আমাকে।
আমার আনত চোখ, কম্পিত ঠোঁট
কিছু বলার আগেই তুমি থামিয়ে দিলে
বললে তোলা থাক কিছু কথা আগামীর জন্যে।
সেদিন কি বুঝেছিলে আমি জানিনা
তারপর অনেক টা পথ,থেমে থাকা কিছুটা সময়
হঠাৎই তুমি বললে দূর্গম পথ, ভীষণ ক্লান্ত আমি
যদি হাতটা ধর নির্ভয়ে দেব পাড়ি।
বার্লিনের লাভ প্যারেডে তখনও মৌন মিছিল
পা ফেলতে হবে সন্তর্পণে
তুমি বললে এতো দ্বিধা!
উপেক্ষিত হলো সমস্ত দ্বিধা
হাঁটতে চাইলাম একসাথে
অঙ্গিকার হলো সুখ হোক দুঃখ হোক
ভাগাভাগি হবে সমানে সমান।
অর্থ নয় বিত্ত নয় শুধু ভালোবাসার বিনিময় হবে।
সেদিন তোমার আগমনে
রচিত হলো নতুন অধ্যায়
আজও আমার কানে বাজে,তোমার আগমনী গান
ভেসে আসে বাতাসে তোমার পায়ের আওয়াজ
প্রশ্বাসে পাই সেই মৌ মৌ সুগন্ধ
অনুভূতির প্রতিটি সেকেন্ড
আবেগী করে তোলে তোমার আগমনী মুহূর্ত।
--------------------------------------------------
রচনা কালঃ ০৪/০১/২০২১
সিরাজগঞ্জ।
