মমতা পাল
হে পুরুষ! যখন তুমি প্রেমিক
হলে
যৌবনের ঐ উন্মাদনায়
ভুলের পাহাড় গড়েই গেলে
নষ্ট মনের নষ্ট চোখে
স্বপ্নগুলো ভেঙে দিলে।
প্রতিশ্রুতির দেয়াল ভেঙে
ভ্রুণ হত্যায় পাপী হলে
কুমারী মায়ের ঐ জঠরে
পথ শিশুর জন্ম দিলে।
ধরা ছোঁয়ার বাইরে থেকে
জীবন শুধু বাজিয়ে নিলে
তোমার লোভের জাঁতাকলে
প্রেমের সংজ্ঞা পাল্টে দিলে।
নিষ্পাপ ঐ নারীর মুখে
কলংকটা লেপেই দিলে
অস্থির তার জীবনগুলো
মৃতের ঘরে ঠেলেই দিলে।
হে পুরুষ! যখন তুমি বাবা হলে
ছোট্ট মেয়ের হাসির চ্ছটায়
জীবন তুমি বদলে নিলে।
আশংকার ঐ প্রহরগুলো
কাটেনা আর দিবারাতি
ও যে তোমার রাজকুমারি
দু'চোখেতে আলোর জ্যোতি।
লোভী কতক চোখ এড়িয়ে
বুকের মাঝে আগলে ধরো
জীবন দিয়েও সম্মানটুকু
রাখতে তুমি চেষ্টা কর।
এদিক ওদিক হলেই তোমার
দু' চোখেতে বন্যা ঝরে
তোমার মায়ের মুখখানা যে
বড্ড বেশি মনে পড়ে।
হিংস্র তুমি হও কখনও
তার সম্মান বাঁচাতে গিয়ে
তুমি যে মেয়ের বাবা
অনুভব কর হৃদয় দিয়ে।
প্রেমিক ও বাবার পার্থক্যটা
বুঝতে যদি সেদিন আগে
এমন করে কষ্টগুলো
আসতনা আর নারীর ভাগে।
নারী পেত মুক্ত বাতাস
স্বস্তির নিঃশ্বাস
চুইয়ে পড়া স্বপ্নগুলোর
থাকতনা আ-হুতাশ।
মম
বাগেরহাট।
