উপলব্ধি
সুবর্ণা দাস
❑
আজ আমার আমিকে যেন নতুনে জানিলাম
চিনিলাম বুঝিলাম খুঁজিলাম যারে!
আপন হৃদয় মাঝে হেরিয়া আপনার ছবি
এক অনাবিল প্রশান্তিতে, মন গেলো ভরে!
❑
অগোছালো মেঘমালায় ঢাকা ছিল বহুকাল
নন্দিত স্পন্দিত এই অনিত্য হৃদয় কুটির!
খুঁজে পেতে আপনারে বহুবার গিয়েছি দ্বারে
আহত ভগ্ন মনে হয়েছি অধীর!
❑
একেলা কেঁদেছি কত, নিরব বিজন ধারায়
অভিমানী হয়েছি শত শত কতবার!
জিজ্ঞাসা চিহ্নগুলো বিষধর ফণীর মতো
দংশিছে পিষিছে দহিছে ততবার!!
❑
নিত্য অনিত্য মাঝে দোদুল্যমান তিক্ত সাজে
ভাষাগুলো প্রকাশে ছিল না লিপি!
লোহিত বর্ণরেখায় কেবলই দুঃখের গীতি
বড় বেশি আক্রোশে ছিল,জীবনের মূল ছবি!
❑
আজ, যত কিছু ভুল ছিল, নিরাশার কূল ছিল,
সব ভুল ভেঙে গিয়ে দিশা পেলো মন,
উপলব্ধির শিখরে এসে পুরাতন নতুনে মিলে
সেই আমি আমার--হলো প্রত্যাবর্তন!!
❑
স্থির হলো চিত্ত, ভাবনার অন্তরালে যা ছিল--
বিরহী ঘুমের ঘোরে বড় বেশি সজল!
আজ তাই এই জীবন পড়ে থাকা ছাই দিয়ে
বিশ্বাসে পরে নিলো প্রেমের কাজল!!
❑
বর্ণ / ঢাকা
