চিঠি
মনিরা ইসলাম
------------------------------
"রোদ্দুর"
চিঠি লিখি না অনেক দিন
ভাষা গুলো কেমন যেন খেই হারিয়েছে
বর্ণ গুলো ছন্ন ছাড়া
ছন্দ পায়না কোন কিছুতে
অথচ কত কথাই বলার আছে তোমাকে
মাঝ রাত্রির স্বপ্ন গুলো কেমন দুঃসহ হয়
তোমার নিশ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে
তোমার পায়ের আওয়াজ কান পেতে শুনছি
তোমাকে ছুঁয়ে দেখার সে কি প্রানান্ত চেষ্টা
আচমকা ঘুম টা যখন ভেঙে গেল
ঝিঝি পোকা আর কুকুরের ডাক ছাড়া
পিন পতন নিরবতা চারিদিকে।
"রোদ্দুর"
ঘুম হীন চোখে যখন আকাশের দিকে তাকাই
ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করে
তুমিও কি ভাব আমায় এমন করে?
এ-ও জানতে ইচ্ছে করে
তোমার রোজকার রুটিনে
আমার জন্য কি একটু সময় তোলা থাকে?
কিংবা তোমার ব্যস্ততা ভেঙে
আমার কাছে কি ছুটে আসতে ইচ্ছে করে?
ভীষণ
আমার কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে পেতে ইচ্ছে করে
গল্পে গল্পে রাতের তারা দেখতে ইচ্ছে করে
অকারণেই তোমাকে জ্বালাতে ইচ্ছে করে।
"রোদ্দুর"
কতদিন হয়ে গেল তুমি ও একটা চিঠি লিখ না
না বলা কথা গুলো লিখলেও তো পার
বর্ণের ভাঁজে ভাঁজে প্রেম
দুটো গোলাপ পাপড়ি, সেই চেনা পারফিউম
চিঠির গায়ে মাখিয়ে দিতেই পার!
আমি ঘুম না আসা রাত্রি গুলোতে
তোমার চিঠি পড়তাম আর তোমাকে অনুভব করতাম।
হয়তো তোমার ব্যস্ততা তোমাকে দেয় না অবসর
ব্যস্ত নগর জীবন, ক্লান্তিরা ভীড় করে দু'চোখের পাতায়,
স্মৃতি গুলো হেঁটে চলে শুন্য করিডর।
তবুও বলছি লিখ একটা চিঠি
একটুখানি প্রেম, একটু ভালোবাসা
আর রাতজাগা কষ্ট নিয়ে।।
------------------------------
রচনা কালঃ ১৭/০১/২০২২
সিরাজগঞ্জ।
